বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় তিনি ‘বিএনপি এখন দিশেহারা নয়, বেপরোয়া’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যে কঠোর সমালোচনা করে বলেন, জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই- যাদের পায়ের নীচের মাটি থাকে না কেবল তারাই এমন কথা বলতে পারে। আপনাদের মনের ইচ্ছা কী তা আমরা ভাল করেই বুঝি। আপনাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেই আপনি প্রলাপ বকছেন।
তিনি আরও বলেন, বিচার বিভাগ, রাজনীতি, গণমাধ্যম ও মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে সকল নাগরিক অধিকার কেড়ে নিয়ে বর্তমান ভোটারবিহীন সরকার রাষ্ট্রের সকল স্তম্ভ ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এখন পরিকল্পিত নৈরাজ্য তৈরির জন্য ওবায়দুল কাদের সাহেবরা উস্কানি দিচ্ছেন। ভয়ঙ্কর কিছু দুর্ঘটনা সৃষ্টির পরিকল্পনার চক্রান্ত ব্যর্থ হওয়ায় আওয়ামী সাধারণ সম্পাদক বেহুঁশ হয়ে খাপছাড়া কথাবার্তা বলছেন- বলেন তিনি।
এদেশের সকল দুর্গতির জননীই হচ্ছেন শেখ হাসিনা মন্তব্য করে রিজভী বলেন, উনি (প্রধানমন্ত্রী) জনশুন্য এমন একটি দেশ চাচ্ছেন সেখানে তার পরিবার ছাড়া আর কেউ থাকবে না। তিনি শুধু মাটির মালিক থাকতে চান, জনগণকে কবরে পাঠিয়ে।
দেশের প্রতিটি মানুষই পুলিশী নজরদারীর মধ্যে রয়েছে মন্তব্য করে বিএনপির এ মুখপাত্র বলেন, যেন কেউ সরকারবিরোধী আওয়াজ তুলতে না পারে। এটিই হচ্ছে অভিশপ্ত দুঃশাসনের নাৎসীবাদী দৃষ্টান্ত। বাংলাদেশে বহু ক্ষতির জন্য দায়ী আওয়ামী লীগ-বলেন রিজভী।
কর্মসূচিগুলো হলো: সরকারের পরিকল্পিত হত্যা, খুনের শিকার এবং সম্প্রতি রিমান্ডে নিহত মিলনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শক্রবার (১৬ মার্চ) বিএনপির উদ্যোগে ঢাকাসহ সারা দেশে বাদ জুমা মসজিদে-মসজিদে দোয়া মাহফিল। একই ইস্যুতে আগামী রবিবার (১৮ মার্চ) ঢাকা মহানগরের থানায় থানায় এবং সারা দেশে জেলা - মহানগর সদরে বিএনপির নেতা-কর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ এবং বিক্ষোভ মিছিল করবে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল খায়ের ভুইয়া, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Post a Comment