তবে হতাশার শেষ বিন্দু থেকেই অনেক সময় শুরু হয় নতুন আশার। নতুন কিছুর রোমাঞ্চ অনেক সময়ই সঞ্চার করে নতুন প্রাণশক্তির। ভারপ্রাপ্ত প্রধান কোচ কোর্টনি ওয়ালশ দলের পুরোনো সদস্য হলেও এখনকার দায়িত্বে নতুন। জাতীয় অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর প্রথম সফর। নতুন টুর্নামেন্টের অভিযানে এত নতুনের মেলায় তাই নতুন কিছুর হাতছানিই দেখছেন অধিনায়ক।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
মাহমুদউল্লাহর ভাবনায় শুধুই বাংলাদেশ
টুর্নামেন্ট শুরুর আগে প্রতিপক্ষ দুই দলের কাছে ফেভারিট ছিল ভারত। কিন্তু কোহলি-ধোনি-ভুবনেশ্বরদের ছাড়া ভারত যে অজেয় নয়, প্রথম ম্যাচেই সেটি দেখিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে তাই অনুপ্রেরণার উৎস বেশ কিছু আছে বাংলাদেশের। তবে সে সব নিয়ে ভাবছেনই না মাহমুদউল্লাহ। বাংলাদেশ অধিনায়কের চাওয়া, নিজেদের সর্বোচ্চটা উজার করে দেওয়া।
ত্রিদেশীয় টুর্নামেন্টের তিন দলের মধ্যে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে ভারত। টুর্নামেন্ট শুরু করেছে তারা তিন নম্বরে থেকে। শ্রীলঙ্কা সেখানে আটে, বাংলাদেশ দশে।
এই টুর্নামেন্টে অবশ্য নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিসহ ভারতের প্রথম পছন্দের ছয় জন ক্রিকেটার নেই। এর পরও দলটির শক্তির গভীরতা ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখছিলেন অনেক। কিন্তু প্রথম ম্যাচে সেই ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা।

Post a Comment