বৃহস্পতিবার (১৫ মার্চ) নেপালে অবস্থান করা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘৩৫ জনের লাশ শনাক্তের কাজ শেষ করা হয়েছে। আশা করছি, আগামীকালের মধ্যে আমরা আমাদের কাজ শেষ করতে পারবো। কাজ শেষ হলেই পরদিন থেকে লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
‘তবে, কিছু লাশ দেখে শনাক্ত করা যাচ্ছে না’ জানিয়ে সোহেল মাহমুদ বলেন, ‘এই লাশগুলোর ডিএনএ প্রোফাইল করতে হবে। সেক্ষেতে আরও একটু সময় লাগতে পারে।’
নেপালে নিহত অনেকের স্বজন নেই, তাদেরটা কীভাবে শনাক্ত করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নেপালে যাদের স্বজন নেই, তাদের ডিএনএ দেশে নিয়ে যাওয়া হবে। আর যাদের স্বজন আছে দেশে ফিরে ডিএনএ দিয়ে যাবে।’
‘এ কারণে আট থেকে ১০ দিন সময় লাগতে পারে’ জানিয়ে তিনি বলেন, ‘এখানে ডিএনের স্যাম্পল সংগ্রহ করে আমরা দেশে যাবো সেখানে স্বজনদের এসে স্যাম্পল দিতে হবে। এক্ষেত্রে আরও কিছু প্রক্রিয়া আছে। যার কারণে সময় একটু লাগবে।’
দুর্ঘটনায় নিহতদের শনাক্তকরনের জন্য স্বজনদের রক্তের নমুনা মালিবাগের সিআইডি কার্যালয়ে দেয়ার অনুরোধও জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে উড়োজাহাজ বিধ্বস্তের তদন্ত সম্পর্কে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল নাইম হাসান বলেছেন, ‘অতীতের বিমান দুর্ঘটনার ঘটনাপ্রবাহ বিচারে ‘নেপাল ট্র্যাজেডি’ তদন্তে এক থেকে দেড় বছরও সময় লাগতে পারে। এছাড়া আইকার (আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন) নিয়ম অনুযায়ী এটাই তদন্তের নিয়ম।’
‘এ ঘটনার তদন্ত করবে নেপাল। আমাদের টিম তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। এ প্রক্রিয়া চলমান থাকবে’ বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টা ৪৮ মিনিটে বিমান দুর্ঘটনায় আহত শাহরিনকে ঢাকায় আনা হয়। এরপর তাকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন। তিনি বলেন, ‘আহত শাহরিন আহমেদকে নেপাল থেকে আনার পর আইসিইউতে ভর্তি করানো হয়েছে। শাহরিনের পায়ে একটা ফ্র্যাকচার আছে। শরীরে বার্ন হয়েছে পাঁচ শতাংশ। তাকে সারিয়ে তোলা সম্ভব। তার অবস্থা এখন স্থিতিশীল।’
প্রসঙ্গত, সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় ৫১ জন নিহত হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি। এছাড়া এ ঘটনায় ১০ বাংলাদেশি আহত হয়।

Post a Comment